
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯১৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ৭৭ হাজার ৭৯১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬২০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৬৩ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৯৬৪ জন।
ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
তথ্যসূত্র: চ্যানেল ২৪