জাতীয়
প্রধান খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

সরকার আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে। বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বাড়তে যাচ্ছে।

সরকারের বাজেট পরিকল্পনায় অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি অগ্রাধিকার পাচ্ছে। তবে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘাটতি আগামী অর্থবছরের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে সরকার আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থনীতিবিদদের মতে, এ লক্ষ্য অর্জনে রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১১ জুন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার মাধ্যমে আগামী অর্থবছরের রাজস্ব, ব্যয়, উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক কৌশলের বিস্তারিত চিত্র জাতির সামনে তুলে ধরা হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button