জাতীয়
প্রধান খবর

মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার, জিডিপি ছাড়াল ৫০০ বিলিয়ন

চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা হিসাবে)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, আগের ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ মার্কিন ডলার।

এদিকে দেশের অর্থনীতির আকারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সাময়িক হিসাব অনুযায়ী, বিনিয়োগ ও সঞ্চয়ের গতি কিছুটা স্থবির থাকলেও ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতে। এ খাতে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষি খাতে ২ দশমিক ৭৮ শতাংশ।

তবে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা কমেছে। অন্যদিকে শিল্প খাতে প্রবৃদ্ধির হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button