
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এর ফলে গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৬২ জন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪
