
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে। সরকারি দপ্তরে সরাসরি এসে সেবা নেওয়ার চিরাচরিত পদ্ধতি পরিহার করতে এবং সেবাগ্রহীতাদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবা সহজ করার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ ২৫টি দপ্তর ও সংস্থা তাদের ৫০টি নিজস্ব উদ্ভাবন উপস্থাপন করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে এ পর্যন্ত ৩২৯টি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে।
এবারের ‘ইনোভেশন শোকেসিং’-এ পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে তাদের শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়।
তথ্যসূত্র: একাত্তর টিভি
