জাতীয়
প্রধান খবর

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরটি পরিদর্শন করবেন। পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জাদুঘর উদ্বোধনের দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টও অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জাদুঘরটিকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করা হবে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকিট কেটে প্রবেশ করতে পারবেন।

তিনি জানান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button