জাতীয়
প্রধান খবর

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা জোরদার

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ৫ আগস্ট রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটি ঘিরে সম্ভাব্য নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম এবং অনলাইন নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‌্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি কাজ করছে।

র‌্যাব জানায়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি র‌্যাব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করতে এলাকাভিত্তিক যোগাযোগ ব্যক্তি (কন্টাক্ট), ইনফর্মার ও সোর্স নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া ৪ আগস্ট দিবাগত রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানকে ঘিরে জারি করা আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নেও কাজ করছে র‌্যাব।

এই বিভাগের অন্য খবর

Back to top button