
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে গণমাধ্যমকে আবারও সতর্ক করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি।”
তিনি বলেন, “আবার তিনি বক্তব্য দেবেন-এ রকম নিউজ যদি কেউ দিয়ে থাকে, কালকে করবেন-এটা যদি কেউ আগাম জানায়, পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।”
তথ্য উপদেষ্টা জানান, এর আগেও যারা শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, তাদের সরকার সতর্ক করেছে।
তিনি বলেন, “আমরা আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন। কারণ এ বিষয়ে আদালতের নির্দেশ আছে। সরকার কিন্তু আদালত নয়।”
তিনি আরও বলেন, “কেউ যদি সংক্ষুব্ধ হন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে, বা প্রচারিত হতে দেওয়া উচিত বলে মনে করেন, তাহলে তিনি আদালতে যেতে পারেন। সরকারের কাজ হচ্ছে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা। সে অনুযায়ীই সরকার ব্যবস্থা নেবে।”
তথ্যসূত্র: বিবিসি বাংলা