
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩টি শিশু। পাশাপাশি ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
হামে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫ জনে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৮৭৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮৮ শিশুর মধ্যে।
একই সময়ে ৯৩৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯৪২ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
ডেঙ্গুতেও ২ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৩৪৫ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।
এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৮৪৪ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।
তথ্যসূত্র: যমুনা টিভি

