
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ২১ শিশুর মধ্যে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ শিশুর প্রত্যেকের মৃত্যুই সন্দেহজনক হামে হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৯ শিশুর। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নতুন করে ৯৬৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৫০ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জনের শরীরে।
এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
ডেঙ্গুতেও ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
অন্যদিকে, মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। আর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।
তথ্যসূত্র: যমুনা টিভি



