বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট নিরসনে ব্যবস্থা নিয়ে পূর্ণাঙ্গ সুফল পেতে ২ বছর লাগতে পারে: অর্থমন্ত্রী

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো অবস্থায় নেই উল্লেখ করে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কোনো তাৎক্ষণিক বা চটজলদি সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে এখন নতুন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হলেও এর পূর্ণাঙ্গ সুফল পেতে দেশকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হতে পারে।
তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তবে সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতি কাটিয়ে উঠতে গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
ব্যাংকিং খাতেও সংস্কারের তাগিদ
ব্যাংকিং খাতের অস্থিরতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উচ্চমাত্রার খেলাপি ঋণসহ বিভিন্ন আর্থিক জটিলতা দূর করতে শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর করলে চলবে না।
ব্যাংক পুনর্গঠন এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র: যমুনা টিভি


