
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চলতি আগস্ট মাসেই মারা গেছেন ২০ জন।
এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৫ হাজার ৬০১ জন। এর মধ্যে আগস্ট মাসে ১০ হাজার ২৯১ জন, জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।
তথ্যসূত্র: যমুনা টিভি


