জাতীয়
প্রধান খবর

চলতি বছর নয়, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করা হবে। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য মন্ত্রণালয় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় আড়াই হাজার কোটি টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের সব অফিস, দফতরসহ সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল বসানো হবে।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ৩৭০ কোটি টাকা।

আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

উৎপাদিত বিদ্যুতের ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button