জাতীয়
প্রধান খবর

লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির পর এবার বাড়ানো হয়েছে যাত্রীবাহী লঞ্চের ভাড়া। লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই নতুন এ ভাড়া কার্যকর হয়েছে। এদিন সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয়সহ সার্বিক বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

তিনি জানান, আগে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। এখন তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, প্রথম ১০০ কিলোমিটারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে লঞ্চের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।

তিনি বলেন, মালিকদের প্রস্তাব আরও বেশি ছিল। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তারা নির্ধারিত ভাড়া মেনে নিয়েছেন।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন মালিকরা। এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রীকে দেওয়া চিঠিতে একজন যাত্রীর যাতায়াতে প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছিল।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button