
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২৮৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ২ জন মারা গেছেন।
সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ২০ হাজার ৯৫১ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


