ক্রিকেট
প্রধান খবর

শচীনকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক রুটের

ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহের ক্ষেত্রে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

২৩ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে রুটের লেগেছে ৫২১ ইনিংস। অন্যদিকে শচীন টেন্ডুলকার ৫২২ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এ তালিকায় সবার ওপরে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

শ্রীলঙ্কার বিপক্ষে মাইলফলক স্পর্শের ম্যাচে রুট ৫২ বলে ৫টি চারের সাহায্যে ৪৪ রান করেন। ইনিংসজুড়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ইংলিশ ব্যাটার। শুরুতে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে পেস ও স্পিন আক্রমণ সামলে দ্রুত রান বাড়াতে থাকেন।

মিড-উইকেটে দারুণ এক শটে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন রুট। এরপর স্পিনের বিপক্ষেও সাবলীলভাবে রান তুলতে থাকেন। তবে অভিষিক্ত স্পিনার শচিন্দু কোলম্বুজের একটি বল ব্যাটের পাশ দিয়ে স্টাম্পে আঘাত করলে ৪৪ রানে থামে তার ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান

১. বিরাট কোহলি (ভারত) – ৪৯০ ইনিংস
২. জো রুট (ইংল্যান্ড) – ৫২১ ইনিংস
৩. শচীন টেন্ডুলকার (ভারত) – ৫২২ ইনিংস
৪. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ৫৪৪ ইনিংস

সব মিলিয়ে প্রথম ইংলিশ এবং আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টম ব্যাটার হিসেবে ২৩ হাজার রানের ক্লাবে নাম লেখালেন ৩৫ বছর বয়সী রুট।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে রুটের মোট রান ২৩ হাজার ৪১। সর্বকালের রান সংগ্রাহকদের তালিকায় তিনি অষ্টম স্থানে রয়েছেন। তার ঠিক ওপরে সপ্তম স্থানে থাকা ভারতের রাহুল দ্রাবিড়ের রান ২৪ হাজার ২০৮।

এই বিভাগের অন্য খবর

Back to top button