
অননুমোদিতভাবে নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী সাত দিনের মধ্যে এসব পেজ বা গ্রুপের কার্যক্রম বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি, লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব প্ল্যাটফর্মে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করা হচ্ছে।
এর ফলে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাউশি জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education – DSHE’ ছাড়া তাদের আর কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই।
এ ছাড়া অননুমোদিত পেজ ও গ্রুপে মাউশির নাম, লোগো বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের তথ্য বা বক্তব্য প্রকাশের সঙ্গে অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সাত দিনের মধ্যে ভুয়া পেজ ও গ্রুপের সব কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
মাউশি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা


