
এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ বলেন, কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না-এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। আশা করি, এলপিজি সংকট কমে যাবে।
রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ করা হচ্ছে এবং কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান ডা. জাহেদ।
তিনি বলেন, দরিদ্র ও ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। তাদের কিছুটা হলেও ভালো রাখার জন্য ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ ও সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে।
চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাষ্ট্র ও জনগণের কথা বিবেচনা করেই-এ কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যেতে পারে।
তিনি বলেন, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গেলে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করেই সিদ্ধান্ত নেবে। জনগণের কথা চিন্তা করেই সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে চাইবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।
তিনি বলেন, প্রাথমিকভাবে ছাত্রদল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার খুবই আগ্রহী বলেও জানান তথ্য উপদেষ্টা। তবে প্রকল্পটির অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে-সেটি ভিন্ন আলোচনা বলে উল্লেখ করেন তিনি।
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে জানিয়ে ডা. জাহেদ বলেন, এটিকে একেবারে নিয়ন্ত্রণহীনভাবেও চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার নীতিমালা করছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

