
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩৩১ জন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চারজনের মৃত্যু হয়েছে।
এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৩০৭ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাঁদের মধ্যে নারী ৫১ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৭ শতাংশ।
তথ্যসূত্র: যমুনা টিভি
