জাতীয়

আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

বিহিত পূজার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে মহানবমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ শুক্রবার। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর।

পৌরাণিক কাহিনি মতে, নবমীর দিনে অসুরের রাজা মহিষ দানবের বিনাশ করে অশুভ শক্তিকে ধ্বংস করে দেবী দুর্গা। এর ফলে সূচনা হয় শুভশক্তির। মূলত এই দিনটিতেই দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে পূজা করা হয়।

অশুভ বিনাশের পর নবমীর দিন সকালে ষোড়শ উপচারের সঙ্গে ১০৮টি ফুল দিয়ে করা হয় দেবীর পূজা।

গত বুধবার মহাষ্টমীতে কুমারী পূজা থাকলেও করোনার কারণে রাজধানীতে বাতিল করা হয় সেই আয়োজন। গতকাল মহানবমীতে আরতি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়নি। শুধু প্রসাদ আর ভোগ দেওয়া হয় ভক্তদের। এ ছাড়া পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

পঞ্জিকা মতে, দেবী এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, আর যাচ্ছেন দোলায় চড়ে। তাই, এবারের বিদায়ে বিষাদের ছায়াটা একটু গাঢ় বলে মনে করছেন অনেকেই। কারণ, শাস্ত্রমতে দোলায় যাওয়ার ফলাফল হলো মড়ক লাগা। অর্থাৎ মহামারি।

বিজয়ার দিন সকালে দশমী পূজার আয়োজন করা হবে। ঢাকেশ্বরী পূজা কমিটি জানিয়েছে, এবার সিঁদুর খেলা ও শোভাযাত্রা হচ্ছে না। তবে আরতি ও ভোগ থাকছে দর্শনার্থীদের জন্য।

পূজার অনেক আয়োজন বন্ধ রাখা হলেও দেবী দর্শনে দর্শনার্থীদের ভিড় ছিল। ঢাকেশ্বরীতে আসা অপলা সরকার বলেন, ‘নবমীতে অশুভকে দমন করে দশমীর বিদায়ের দিকে এগিয়ে যাচ্ছেন মা। কাল তিনি চলে যাচ্ছেন তাঁর সন্তানদের নিয়ে। আমরা আশা করব, আগামী বছরে নতুন শক্তিতে তিনি আবার আমাদের কাছে ফিরে আসবেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button