বাংলায় রায় লেখার ফলে তথ্য থেকে মানুষ বঞ্চিত হবে নাঃ প্রধানমন্ত্রী

বাংলা ভাষায় রায় লেখা শুরু হওয়ায় তথ্য থেকে মানুষকে আর বঞ্চিত করা যাবে না। অতীতে ইংরেজিতে লেখার কারণে রায়ের বিষয়ে ভিন্ন তথ্য দিয়ে অনেক মানুষকে বঞ্চিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে লেখা বই থেকে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিব ভাষা আন্দোলন করতে গিয়ে বারবার জেলে গিয়েছিলেন। এই ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু সত্য এখন আপন মহিমায় বেরিয়েছে।
যারা দেশের উন্নয়ন দেখতে পায় না, তাদেরকে পরগাছা ও আগাছা বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতি হচ্ছে, সেই স্বীকৃতি বিদেশীরাও দিচ্ছে কিন্তু দেশের কিছু মানুষ সেটা দেখতে পারছে না।
তিনি আরো বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে চায় আওয়ামী লীগ। শিক্ষা দীক্ষায় এগিয়ে গিয়ে দেশের মানুষ মাথা উঁচু করে চলবে সেটাই নিশ্চিত করছে তাঁর দল।
এসএ



