আইন ও অপরাধজাতীয়

সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় ১২ জেলে আটক

সুন্দরবনে মাছের অভয়ারণ্য ঝাপসির খালে বিষ দিয়ে মাছ ধরার সময়ে ১২ জন জেলে আটক করেছে র‌্যাব-৬ এর একটি টিম।

সুন্দরবনে দীর্ঘদিন ধরেই মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষিত ১৮টি খালসহ বিভিন্ন খালে সুযোগ পেলেই অধিক লাভের আশায় বিষ দিয়ে মাছ শিকার হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে গোটা সুন্দরবনের জীববৈচিত্র্য।

র‌্যাব-৬ এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। নিয়োগ করে সোর্স।

র‌্যাবের একটি টিম ছদ্মবেশে টানা দুইদিন সুন্দরবন ঘেঁষা দাকোপ উপজেলার কালাবগি গ্রামে অবস্থান করে। এক পর্যায়ে একটি চোরাশিকারি তথা বিষ দিয়ে মাছ ধরার একটি জেলে চক্রের সন্ধান পেয়ে তাদের সঙ্গে মিশে যায় ছদ্মবেশে থাকা র‌্যাবের দলটি। তারা কালাবগি থেকে শুরু করে ঝাপসির খাল পর্যন্ত যান। পরে হাতে-নাতে বিষসহ গ্রেপ্তার করা হয় জেলেদের।

র‌্যাব-৬ এর অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের ঝাপসির খাল থেকে ১২ জনকে জেলেকে পাঁচটি নৌকাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। সুন্দরবনের ভেতরে টানা দুইদিন ধরে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করে।

পাঁচটি নৌকা ছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দশ বোতল বিষ, চারটি জাল এবং বিষ দিয়ে ধরা চারশ’ কেজি মাছ।

গ্রেপ্তার হওয়া ১২ জেলেরা হলেন- সাদ্দাম বৈদ্য, শফিকুল বৈদ্য, জাকির হোসেন, খায়রুল মোড়ল, সালাম গাজী, বাচ্চু সানা, হাই সরদার, নাজমুল সরদার, শাজাহান শেখ, সালাম সানা, একরামুল সরদার এবং আবুল হোসেন গাজী। তারা দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগি গ্রামের বাসিন্দা।

এই বিভাগের অন্য খবর

Back to top button