সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবিটি মিথ্যা: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী কোনও রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ার পর তারা এ ব্যাখ্যা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই পোস্ট সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি সুস্পষ্ট অপচেষ্টা।”
আইএসপিআর ব্যাখ্যা করে জানায়, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা দিতে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া করা হয়। এসব বাসে সাময়িকভাবে ‘Bangladesh Army’ লেখা বা লোগো ব্যবহার করা হয়ে থাকে। তবে কখনও কখনও কিছু বাস মালিক, সেনাবাহিনীর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো ব্যবহার করেন, যা আইনবহির্ভূত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।
আইএসপিআর সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানায়।
বিজ্ঞপ্তির শেষে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ।


