জাতীয়
প্রধান খবর

উত্তরায় বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। নিহত ও আহতদের জন্য দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।

সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আছড়ে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক শোকবার্তায় বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে হারালাম। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার বার্তায় বলেন, “জাতির জন্য এটি এক গভীর বেদনাদায়ক ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা জরুরি।” পাশাপাশি, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি।

এ ঘটনায় বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button