
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এই ঘোষণা দেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. নিহতদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা প্রকাশ,
২. আহতদের সঠিক তালিকা প্রকাশ,
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা,
৪. ক্ষতিপূরণ প্রদান,
৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল,
৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।
তবে দাবি মেনে নেওয়ার ঘোষণা সত্ত্বেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” ও “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কলেজ ভবনের ভেতরে এখনো দুইজন উপদেষ্টা অবরুদ্ধ রয়েছেন।
এর আগে সকাল ১০টা থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জড়ো হতে থাকেন শত শত শিক্ষার্থী। বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ প্রাণহানির ঘটনায় তারা ছয় দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, দুপুর সাড়ে বারোটার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি এসে তাদের সঙ্গে কথা না বললে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করবেন।
তথ্যসূত্র: সংগৃহীত



