স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত। তাই নিজের ভোট এখানেই নিয়ে এসেছি, যেন ভোটটা অপচয় না হয়।”
কোন আসন থেকে প্রার্থী হবেন—এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নিশ্চিতভাবে ঢাকাই থেকে নির্বাচন করবো।”
রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে আসিফ জানান, “কোনো দলের সঙ্গে এখনো আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখলো, সেটা আমার বিষয় নয়। আপাতত এককভাবেই নির্বাচন করার পরিকল্পনা করছি।”
উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “কবে পদত্যাগ করবো, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।”
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকেই কেন্দ্র করে ভাবছে। বিচার, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর—সবকিছু সমানভাবে এগিয়ে চলছে।”
তথ্যসূত্র: যমুনা টিভি



