জামায়াতের সঙ্গে এনসিপির জোট হচ্ছে , তারুণ্যের রাজনীতির কবর রচিত হবে: আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিলুপ্ত) সাবেক আহ্বায়ক আব্দুল কাদের দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সরাসরি জোট করতে যাচ্ছে। তার মতে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তারুণ্যের রাজনীতির কবর রচিত হবে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব দাবি করেন তিনি।
স্ট্যাটাসে আব্দুল কাদের লেখেন,
“তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।”
জামায়াত–এনসিপি জোট নিয়ে যেসব দাবি করলেন আব্দুল কাদের
ফেসবুক স্ট্যাটাসে সম্ভাব্য জোটের বিষয়ে কয়েকটি নির্দিষ্ট দাবি তুলে ধরেন আব্দুল কাদের—
১. আসন সমঝোতা:
এনসিপি শুরুতে জামায়াতের কাছে ৫০টি আসন দাবি করলেও দর-কষাকষির শেষ পর্যায়ে তা ৩০ আসনে চূড়ান্ত হয়েছে।
২. বাকি আসনে প্রার্থী না দেওয়া:
জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামায়াতকে সহযোগিতা করবে।
৩. নির্বাচনী খরচ:
জোটসঙ্গী হিসেবে জামায়াত প্রতি আসনে এনসিপিকে দেড় কোটি টাকা করে নির্বাচনী ব্যয় দেবে বলে দাবি করেন তিনি।
৪. প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়া:
সমঝোতার ৩০ আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের আস্থাভাজন বলে পরিচিত নাসির উদ্দিন পাটোয়ারীকে। জামায়াতের পক্ষ থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দু’জন মিলেই এনসিপির ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন বলে উল্লেখ করেন তিনি।
৫. প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ:
আব্দুল কাদের দাবি করেন, ‘ছোটন গং’-এর সঙ্গে নাহিদ ইসলামের আরও এক ধাপ অগ্রসর সমঝোতা হয়েছে। সেখানে বলা হয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতকে চায় না। সে কারণে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী এবং বিরোধী দলে গেলে নাহিদ ইসলাম বিরোধীদলীয় নেতা হবেন।
“তরুণদের স্বপ্ন ধ্বংস করা হয়েছে”
স্ট্যাটাসের শেষাংশে আব্দুল কাদের বলেন,
“এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার-পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্ন মাটিচাপা দিয়ে এসেছেন।”
তথ্যসূত্র: কালের কণ্ঠ



