
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর একজন রাজনৈতিক সহকর্মীর সরাসরি রাজনীতির মাঠে ফেরা স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান কী ধরনের ভূমিকা রাখেন এবং দেশের রাজনৈতিক ঐক্য গঠনে তার পরিকল্পনা কী- এসব বিষয়ের ওপর জামায়াতে ইসলামী নজর রাখবে। পাশাপাশি তিনি এসব পরিকল্পনা বাস্তবায়নের কৌশলও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতীয় রাজনীতিতে সামনে এগিয়ে যেতে হলে দায়িত্বশীল ভূমিকা ও সুস্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন। এ ক্ষেত্রে তারেক রহমান কী অবস্থান নেন, সেটিই ভবিষ্যতে তার রাজনৈতিক ভূমিকা নির্ধারণ করবে।
এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া বিবিসি বাংলাকে একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে তিনিও ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে তিনি মনে করেন, ভবিষ্যতে তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রম ও সিদ্ধান্তের ওপরই জাতীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ও অবস্থান নির্ভর করবে।
জামায়াত নেতারা মনে করছেন, চলমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের ভূমিকা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।



