
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে তাজনুভা জাবীন জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আর অংশগ্রহণ করছেন না। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লেখেন, “আমি আজকে পদত্যাগ করেছি এনসিপি থেকে। অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি, আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না।”
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অনেকে ভাবতে পারেন জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের ঐতিহাসিক বিষয় বা নারী ইস্যুতে তাঁর আপত্তি রয়েছে। তবে তাঁর মতে, এর চেয়েও গুরুতর বিষয় হলো—যে প্রক্রিয়ায় এই জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, “এটাকে রাজনৈতিক কৌশল বা নির্বাচনী জোট বলা হচ্ছে। কিন্তু আমি বলব, এটা পরিকল্পিত। খুব সাজিয়ে-গুছিয়ে এই জায়গায় আনা হয়েছে।”
এর আগে তিনি গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে লক্ষ্যে এলাকায় জনসংযোগও শুরু করেছিলেন তাজনুভা জাবীন।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, নির্বাচনী ব্যয়ের জন্য অনেকেই তাঁকে আর্থিক সহায়তা বা ডোনেশন দিয়েছিলেন। সেই অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে তিনি লেখেন, “আমি আপনাদের পাঠানো ডোনেশন এক এক করে ফেরত দেব। আমাকে একটু সময় দেবেন। কীভাবে ধীরে ধীরে ফেরত দেব, সে বিষয়ে বিস্তারিত আপডেট দেব। প্রত্যেকটা পয়সা ফেরত দেব।”
উল্লেখ্য, এর আগের দিন শনিবার জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। একের পর এক শীর্ষ নেতার পদত্যাগে এনসিপির ভেতরে রাজনৈতিক অস্থিরতা ও সংকট আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



