
মেঘনা আলম গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রোববার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, ঢাকা-৮ আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেঘনা আলম।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবু হানিফ আরও বলেন, “মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই আসন থেকেই তিনি নির্বাচন করবেন।”
গত ২৪ ডিসেম্বর গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেঘনা আলম জানান, নির্বাচনি প্রচারণায় তিনি বড় পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না। কাগজের অপচয় রোধ করে পরিবেশবান্ধব প্রচারণা চালানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
নির্বাচনি পরিকল্পনা প্রসঙ্গে মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের সবচেয়ে নারী-বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে চান তিনি। তার ইশতেহারে রয়েছে—নারীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন, বিশেষ ডে-কেয়ার সিস্টেম চালু, নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণ এবং বিদ্যমান মসজিদে নারীদের নামাজের জন্য আলাদা স্থান নিশ্চিত করা।
এ ছাড়া নির্বাচনে জয়ী হলে প্রতি মাসে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে জনগণকে আইনি অধিকার সম্পর্কে সচেতন করা, যুবসমাজের নেতৃত্ব বিকাশে রাজনৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, প্রতি তিন মাস অন্তর ‘টাউন হল মিটিং’-এর মাধ্যমে সরাসরি জনগণের মুখোমুখি হওয়া এবং প্রতিটি সেবাকেন্দ্রে অভিযোগ বাক্স স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
তথ্যসূত্র: যুগান্তর



