এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নিযুক্ত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। দলটির মুখপাত্রের পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নাহিদ ইসলামের পাশে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সোমবার অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এনসিপি এখন পুরোপুরি নির্বাচনী যাত্রায় প্রবেশ করেছে। আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ নেবেন না। বরং দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সে লক্ষ্যেই তাঁকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, আসিফ মাহমুদের অভিজ্ঞতা ও দক্ষতা আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
তথ্যসূত্র: প্রথম আলো



