
বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এনসিপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এনসিপি মোট ৩০টি আসনে প্রার্থী দেবে। তবে এই তালিকায় বগুড়ার কোনো আসন নেই। অর্থাৎ আসন্ন নির্বাচনে বগুড়ায় এনসিপির কোনো প্রার্থী থাকছে না।
সূত্র অনুযায়ী, প্রাথমিকভাবে যেসব আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে- ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-৯ এ জাভেদ রাসিন, ঢাকা-২০ এ ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন, ঢাকা-১৯ এ দিলশানা পারুল, ঢাকা-৮ এ নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া পঞ্চগড়-১ এ সারজিস আলম, দিনাজপুর-৬ এ আব্দুল আহাদ, রংপুর-৪ এ আখতার হোসেন, কুড়িগ্রাম-২ এ আতিক মুজাহিদ, সিরাজগঞ্জ-৬ এ সাইফ মুস্তাফিজসহ দেশের বিভিন্ন জেলার মোট ৩০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে।
দলীয় সূত্র বলছে, জোটগত সমঝোতার অংশ হিসেবেই কিছু এলাকায় এনসিপি প্রার্থী দিচ্ছে না। এর ফলে বগুড়াসহ কয়েকটি জেলায় তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জোট ও আসন সমঝোতা আসন্ন নির্বাচনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।



