রাজনীতি
প্রধান খবর

সহিংসতার অভিযোগ তুলে বিক্ষোভে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হবে।

রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, “এই বিক্ষোভেও যদি কাজ না হয়, তাহলে আমাদের রাজপথে নামতে হবে। আমরা রাজনৈতিক সমাধান রাজপথে চাই না, সংসদে চাই। কিন্তু নতুন সরকার আন্তরিক না হলে সমাধান রাজপথেই হবে।”

এর আগে শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন শেষ হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাসাবাড়ি, পরিবারের সদস্য এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে বলে দাবি করা হয়।

ভোটের আগের হামলার পাশাপাশি ভোটের রাতেই অন্তত ২১টি সহিংস ঘটনার তথ্য তুলে ধরে দলটি। তাদের অভিযোগ, নির্বাচনে বড় ধরনের জয়ের মাধ্যমে ক্ষমতায় বসতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর লোকজন এসব সহিংসতায় জড়িত।

১১ দলীয় জোটের দাবি, নির্বাচন শেষ না হতেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিহিংসার রাজনীতি। কুয়েটের ভিসি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক মিত্রদের ওপরও হামলার খবর আসছে বলে অভিযোগ করা হয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। শিগগিরই এ বিষয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলে জানান নেতারা।

পুনঃগণনার দাবিকৃত আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকার একাধিক আসনসহ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েকটি সংসদীয় আসন।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button