
তারেক রহমান-এর আগমনকে ঘিরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ডা. শফিকুর রহমান-এর বাসার সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন থাকতে দেখা যায়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল-জামায়াত আমির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় বসুন্ধরার বাসায় সাক্ষাৎ শেষে রাত সাড়ে ৮টায় তারেক রহমান বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় পৌঁছান। সেখানে এনসিপি নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শপথকে সামনে রেখে এই ধারাবাহিক বৈঠকগুলো চলমান রাজনৈতিক সমন্বয় ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্যসূত্র: বণিক বার্তা



