রাজনীতি
প্রধান খবর

নির্বাচনের ফল নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

৩৮.৫ শতাংশ ভোট প্রাপ্তিকে ‘শক্তিশালী জনরায়’ হিসেবে উল্লেখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান অত্যন্ত শক্তিশালী বার্তা বহন করে।

পোস্টে দাবি করা হয়, এবারের নির্বাচনে প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট। এর মাধ্যমে প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়। ডা. শফিকুর রহমান এটিকে একটি “বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়” হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, অতীতের বহু রেকর্ড ভেঙে জামায়াতে ইসলামী আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র দুটি আসন থেকে শুরু করে বর্তমানে কোটি কোটি মানুষের সমর্থন পাওয়া জনগণের আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে বলা হয়, দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন, যা ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা বজায় রাখার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে এবং পরবর্তী নির্বাচনে আরও ব্যাপক জনসমর্থন অর্জনের জন্য সংগঠনকে সুদৃঢ় ও ঐক্যবদ্ধ করতে হবে।

পোস্টের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আল্লাহর সাহায্যে পরিপূর্ণ বিজয় অর্জিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button