রাজনীতি
প্রধান খবর

ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু তারা জনগণকে নিরাশ করেছে। তবে সে সময় যে সংস্কার উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, সেগুলো ধরে রাখতে তাদেরও রাজপথে নামতে হবে। এ জন্য তিনি ড. মুহাম্মদ ইউনূসকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংস্কারকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতি অপ্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই এই দ্বন্দ্বের শুরু। তখন তারা নতুন সংবিধান চেয়েছিলেন, কিন্তু বিএনপি নির্বাচন চেয়েছিল।

নাহিদ বলেন, তারা আমূল পরিবর্তন চাইলেও বিএনপি পুরোনো কাঠামো রেখে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। এখন নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর বিএনপি অন্য কোনো বিষয়কে গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাতিল করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ সংসদে না আনার কথাও শোনা যাচ্ছে। এর মধ্যে গুম প্রতিকার, মানবাধিকার কমিশন ও বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ রয়েছে। এসব বাতিল হলে নির্বাহী বিভাগের ক্ষমতা আরও কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে সংস্কারবিরোধী দল আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর তারা আন্দোলন করলেও মানুষের পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি।

রাজপথে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সংসদের মাধ্যমে সমাধান চাওয়া হয়েছিল। কিন্তু সেখানে সমাধান না পাওয়ায় এখন রাজপথে অবস্থান নিতে হচ্ছে। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবি জানিয়েছেন।

এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদেরও এ বিষয়ে কথা বলার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস, আসিফ নজরুলসহ যাঁরা সে সময় দায়িত্বে ছিলেন, তাঁদের এসব অধ্যাদেশের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাহিদ ইসলাম। ৩০ মার্চ তিনি সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। ওমরাহ পালন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে শনিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

বিমানবন্দরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতারাও উপস্থিত ছিলেন।

সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button