রাজনীতি
প্রধান খবর

সঠিক রাজনীতির অভাবে বাংলাদেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি: শিশির মনির

বাংলাদেশ ৫৬ বছর পেরিয়ে যৌবন থেকে বার্ধক্যের দিকে এগোলেও সঠিক রাজনীতির অভাবে দেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন শিশির মনির।

আজ সকালে বগুড়া শহরের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার আয়োজনে “জনরায় উপেক্ষা নয়, গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, “যখন যার ইচ্ছা হয়েছে, সে সেভাবেই দেশের সংবিধান ও রাজনীতিকে কাটাছেঁড়া করার চেষ্টা করেছে। আর এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ।”

তিনি আরও বলেন, “বহু সংগ্রামের পর ৫ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন মাইলফলক তৈরি হয়েছিল। কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে যে ধরনের পদক্ষেপ প্রয়োজন, বর্তমান সরকার তা নিতে পারছে না।”

জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, তারা সরকারকে সহযোগিতা করতে চান, অকারণে বিরোধিতা নয়। সংসদের ভেতরে ও বাইরে থেকেও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দল।

তার দাবি, প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছে। তাই সেই রায়কে উপেক্ষা করা হলে সেটি জনগণের মতামতকে অসম্মান করার শামিল হবে।

এ সময় তিনি সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের প্রশংসাও করেন। খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, সরকারি ব্যয় কমানোর উদ্যোগ এবং বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপকে স্বাগত জানান তিনি।

তবে শিশির মনির বলেন, “জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে এই প্রশ্নে সরকারকে অভিনন্দন জানানো সম্ভব হবে না।”

সভায় গণভোট, জুলাই সনদ এবং সরকারের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। এখন এসব দাবির প্রতি সরকার কীভাবে সাড়া দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

এই বিভাগের অন্য খবর

Back to top button