
গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজনে আরও রক্ত দিতে হলেও তারা প্রস্তুত। তবুও দেশের মাটিতে ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, যেদিন থেকে গণভোটের রায় অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। সংসদ সেই রায় মানুক বা না মানুক, ১১ দলীয় জোটের মাধ্যমে গণভোটের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই এই আন্দোলন অব্যাহত থাকবে।
সূত্র: যমুনা টিভি



