রাজনীতি
প্রধান খবর

‘আমি বিএনপিকে সার্ভ করতে চাই’: রুকাইয়া জাহান চমক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি শোবিজ অঙ্গনের কাউকে দেখা না গেলেও সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কয়েকজন তারকা। সেই তালিকায় এবার যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুষ্টিয়া-৪ আসন সংশ্লিষ্ট সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন চমক।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নেন তিনি।

সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে চমক বলেন,
“আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটি প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।”

তিনি আরও বলেন,
“প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।”

সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা কী জানতে চেয়েছিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি না। আমি বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। তবে আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয়, তাহলে আমি কৃতজ্ঞ থাকব।”

এর আগে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন চমক। সেখানে তিনি লেখেন,
“নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর ছোটপর্দার পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

তথ্যসূত্র: বার্তা বাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button