জ্বালানি সংকট সরকারের তৈরি নয়, তবে ব্যবস্থাপনায় সমস্যা হয়েছে: সংসদে ডা. শফিকুর রহমান

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জ্বালানি সংকট একটি বড় সমস্যা হলেও এটি বর্তমান সরকারের তৈরি নয়। তবে চাহিদা ব্যবস্থাপনা বা ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু সমস্যা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম যে, আসুন জনকল্যাণে কথা বলি। পরস্পরকে দোষারোপ কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের পথে না যাই। সরকারি দলও গঠনমূলক হোক, আমরাও গঠনমূলক হই।”
তিনি আরও বলেন, “জ্বালানি সংকট একটা সমস্যা। আমরা আগেই বলেছি, এটা আমাদের সরকারের তৈরি নয়। কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে।”
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জ্বালানি রেশনিংকে ভালো উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি। তবে সুযোগসন্ধানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তার ভাষায়, “জ্বালানি নিয়ে সুযোগসন্ধানীদের পাকড়াও করুন। যারা অসৎ, তারা কোনো দলের হতে পারে না। এই সমস্ত সুযোগসন্ধানীদের সামান্য কোনো সুযোগ দেওয়া উচিত নয়।”
জ্বালানি সংকট নিরসনে সরকারি দল ও বিরোধীদল মিলে যৌথভাবে পরিকল্পনা প্রণয়নের আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, “যৌথভাবে এটি করলে জনগণের মাঝে টেকসই গণতন্ত্রের ধারণা পৌঁছাতো এবং মানুষ আশান্বিত হতো। তখন রাষ্ট্রের জনগণের মনোভাবও ইতিবাচক হতো।”
এ ছাড়া সরকার যদি জ্বালানি সংকট মোকাবিলায় কোনো যৌথ কমিটি গঠন করে, তবে বিরোধীদল ইতিবাচক সাড়া দেবে বলেও জানান তিনি।
তথ্যসূত্র: যমুনা টিভি



