
সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেও সমীচীন নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেওয়া ইসলামী ব্যাংক-সংক্রান্ত বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান-এর নোটিশের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে ন্যায্যতার পথে ফেরার যে দাবি তোলা হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। বিরোধীদলীয় নেতার বক্তব্য অনুযায়ী, শেয়ারগুলো ‘ডাকাতি করে’ কেনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ইবনে সিনা-র শেয়ার লেনদেনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ব্লক মার্কেটে শেয়ার তিন গুণ দামে বিক্রি হওয়ার ঘটনাও রেকর্ড সৃষ্টি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হলেও এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা প্রয়োজন। তিনি এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানান।
তিনি বলেন, শেয়ারহোল্ডাররা কীভাবে শেয়ার কিনেছেন, সেটি একটি আলাদা বিষয় এবং তা নিয়ে বিতর্ক থাকতে পারে। প্রয়োজন হলে এটি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্ত বা মামলার বিষয়ও হতে পারে। তবে একটি পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামো আলাদা বিষয়, যা পৃথকভাবে তদন্ত করা যেতে পারে।
বক্তব্যের একপর্যায়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামের ওপর হাত দেবেন না”-এ ধরনের বক্তব্য দিয়ে অনেকেই রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এ প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”
তার এ বক্তব্যকে কেন্দ্র করে সংসদে আলোচনার সৃষ্টি হয়। ইসলামী ব্যাংকের মালিকানা, শেয়ারহোল্ডিং কাঠামো এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি বিভিন্ন পক্ষ থেকে অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

