রাজনীতি
প্রধান খবর

ইসলামী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম, সামনে কী মেয়র নির্বাচন?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর পর থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে তার মেয়র প্রার্থিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’

শিবির ছাড়ার আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ১ মে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার সময় তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন।

এরপর থেকেই ছাত্রশিবিরের দায়িত্বে থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ওঠে। একই সময়ে ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ডিএসসিসি মেয়র পদে প্রার্থী ঘোষণা করে। ফলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপির সম্ভাব্য অবস্থান নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

যদিও এনসিপি বরাবরই বলে আসছে, তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগত কোনো সিদ্ধান্ত হলে তা নির্বাচনের আগেই নেওয়া হতে পারে।

এদিকে সাদিক কায়েমের শিবির থেকে বিদায়ের পর রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ডিএসসিসি মেয়র পদে তার প্রার্থিতা এখন প্রায় নিশ্চিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির প্রার্থীকে সমর্থন না দিয়ে জামায়াতে ইসলামী নিজেদের শক্ত অবস্থান জানান দিতে সাদিক কায়েমকেই মেয়র পদে মাঠে নামাতে পারে। তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button