জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের আবেদন শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।
চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পাশাপাশি সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
প্রসিকিউশনের দাবি, মোজাফফর হোসেন ‘জনডু’ ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন এবং জুলাই গণ-অভ্যুত্থান চলাকালেও সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল।
চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্ভাব্য ভূমিকা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অন্য মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্যসূত্র: একাত্তর টিভি