শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

এনসিপির লোগো
দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই।
তিনি জানান, ১১৫টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছিল আইন মন্ত্রণালয়ে। ভেটিংসহ আচরণবিধি ও প্রতীক তালিকা ইতিমধ্যেই অনুমোদন হয়েছে। নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে।
ইসি সচিব বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’
এনসিপি ইতিমধ্যেই শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে সচিবের মতে, তালিকায় না থাকায় দলটিকে বিকল্প প্রস্তাব দিতে হবে এবং এ বিষয়ে ইসি ও দলের সম্মতির ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান। নিবন্ধন–সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার পর্যায়ে রয়েছে। প্রতীক–সংক্রান্ত সমন্বয় কার্যক্রমও এক ধাপ এগিয়েছে।
এ ছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে ইসি। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এ সময়সূচি নির্ধারণ করা হবে।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা। আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি তা থেকে সরব না। নিবন্ধন অবশ্যই এ তিনটির যেকোনো একটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় ঘটলে আমরা আবার আপনাদের সামনে আসব।’
তথ্যসূত্র: ইত্তেফাক


