রাজনীতি

জামায়াতে ইসলামী নতুন লোগো প্রকাশ ও প্রত্যাহারে বিতর্ক

ছবি: ইত্তেফাক

বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন লোগো প্রকাশ করে আলোচনায় আসে। তবে প্রকাশের পরদিনই দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লোগোটি সরিয়ে নেওয়ায় আবারও বিতর্ক শুরু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের আলাদা বৈঠকের ছবি প্রকাশ করে জামায়াত। ওই ছবিতেই নতুন লোগো দেখা যায়।

নতুন লোগোতে সবুজ পটভূমিতে খোলা গ্রন্থের ওপর উদীয়মান সূর্য ও সূর্যের ওপরে একটি কলম ব্যবহার করা হয়েছে, যা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ডকে প্রতীকায়িত করে। গ্রন্থের দুই প্রান্ত থেকে অর্ধবৃত্ত বিস্তৃত হয়েছে এবং নিচে সোনালি অক্ষরে লেখা রয়েছে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’। পাশাপাশি আরবি ও ইংরেজিতেও দলটির নাম উল্লেখ করা হয়।

লোগো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি ও কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং-এর সঙ্গে বৈঠকের ছবিতে নতুন লোগো দেখা যায়নি। সেখানে শুধু সোনালি অক্ষরে দলটির নাম লেখা ছিল।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, ভবিষ্যতের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এদিকে লোগো নিয়ে দলীয় নেতাদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতেই পারে। এটি এখনো চূড়ান্ত হয়নি, বৈঠকে দেখা লোগোটি ছিল প্রস্তাবিত।”

অন্যদিকে সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম দাবি করেন, রোববার প্রকাশিত লোগোটি ভুলবশত সামনে এসেছে। তিনি জানান, “লোগো নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

এর আগে জামায়াতের লোগোতে গম্বুজাকৃতির কাঠামোর ভেতরে ‘আল্লাহ’ লেখা থাকত, যার সঙ্গে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিচে স্লোগান ছিল ‘আকিমুদ দ্বিন’ (দ্বিন কায়েম কর)।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button