ধর্ম

মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার ব্যাখ্যা

মানুষ তিন ধরনের স্বপ্ন দেখে—কল্পনা থেকে আসা স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে আসা সুসংবাদের স্বপ্ন এবং শয়তানের পক্ষ থেকে আসা ভীতি সৃষ্টিকারী স্বপ্ন। কল্পনার স্বপ্নে বিশেষ কোনো অর্থ থাকে না, মানুষ সেগুলো দেখে ভুলেও যায়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন ভবিষ্যতের ইশারা বা সতর্কবার্তা হতে পারে। আর শয়তানের স্বপ্ন দুশ্চিন্তা ও ভয় সৃষ্টি করে।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবীজি (সা.) বলেন, কেয়ামত নিকটবর্তী হলে মুসলমানদের স্বপ্ন অধিকাংশ সময় সত্য হবে না। যে ব্যক্তি সত্যভাষী, তার স্বপ্নও সবচেয়ে সত্য হবে। তিনি আরও বলেন, স্বপ্ন তিন প্রকার—আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, শয়তানের পক্ষ থেকে ভয় সৃষ্টিকারী স্বপ্ন এবং মানুষের নিজের চিন্তা-ভাবনা থেকে তৈরি স্বপ্ন। (সহিহ মুসলিম)

এ হাদিস থেকে বোঝা যায়, অর্থহীন অনেক স্বপ্নের পাশাপাশি অর্থবহ স্বপ্নও থাকে, যা আল্লাহর পক্ষ থেকে আসে। মৃত ব্যক্তিকে স্বপ্নে জীবিত দেখতে পাওয়ার বিষয়ও কখনো শুধুই স্মৃতি বা কল্পনার প্রভাব হতে পারে, আবার কখনো আল্লাহর পক্ষ থেকে ইশারাও হতে পারে।

স্বপ্ন ব্যাখ্যাকারক তাবেঈ ইমাম মুহাম্মাদ ইবনে সীরীন (রহ.) বলেন, অর্থবহ স্বপ্নে মৃত ব্যক্তিকে যেভাবে দেখা যায়, সেটাকেই সত্য ধরা হয়। তারা যা বলেন, সেটাও সত্য বলে গণ্য হয়, কারণ তারা এমন এক জগতে অবস্থান করেন যেখানে মিথ্যার অস্তিত্ব নেই। মৃত ব্যক্তিকে ভালো পোশাকে বা সুস্থ-সবল অবস্থায় দেখলে বোঝা যায় তিনি ভালো আছেন; আর জীর্ণ বা খারাপ অবস্থায় দেখলে বেশি দোয়া ও মাগফেরাত কামনা করা উচিত। (তা’বীরুর রু’য়া লিইবনি সীরীন)

মৃত আত্মীয়কে স্বপ্নে দেখা অনেক সময় দোয়া, সওয়াব বা দান-সদকা করার কথা মনে করিয়ে দেওয়ার ইঙ্গিতও হতে পারে। তাই যেকোনো অবস্থায় তাদের জন্য দোয়া করা উচিত।

স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখার দুটি ঘটনা উল্লেখযোগ্য। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, খলিফা ওসমান (রা.) ঘেরাও পরিস্থিতিতে এক রাতে স্বপ্নে রাসুলুল্লাহ (সা.)-কে দেখে শুনলেন—“ওসমান, আজ তুমি আমাদের সঙ্গে ইফতার করবে।” সেদিনই তিনি শহীদ হন। (আল কাওয়ায়েদুল হুসনা)

আরেক ঘটনাটি আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন। আবু মুসা আশআরী (রা.) একদিন স্বপ্নে পাহাড়ের ওপর রাসুলুল্লাহ (সা.), আবু বকর (রা.) ও ওমর (রা.)-কে দেখেন। আবু বকর (রা.) ওমর (রা.)-এর দিকে ইশারা করছিলেন। স্বপ্নটি শোনার পর আনাস (রা.) ধারণা করেছিলেন, এটা ওমর (রা.)-এর মৃত্যুর ইঙ্গিত। কিছুদিনের মধ্যেই সেই স্বপ্ন সত্যি হয়—ওমর (রা.) শহীদ হন। (আল কাওয়ায়েদুল হুসনা)

এই বিভাগের অন্য খবর

Back to top button