
বাংলাদেশসহ চার দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। প্রতিদিনের এই ভাউচারের মূল্য প্রায় ২০ সৌদি রিয়াল, যা ভিসা ফি’র সঙ্গে যুক্ত থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ পাকিস্তান।
জানা গেছে, রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবারসহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড যুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত রেস্তোরাঁ ও খাবারের দোকান থেকে খাবার সংগ্রহ করা যাবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা, অনিবন্ধিত সেবা প্রদানকারীদের কার্যক্রম নিরুৎসাহিত করা এবং ওমরাহ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করা।
তবে নতুন নিয়ম কার্যকর হলে ওমরাহ প্যাকেজের মোট খরচ বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ, পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের ওমরাহ প্যাকেজ ও মূল্য পুনর্বিবেচনা করতে হতে পারে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪