বগুড়ায় ট্রাক চাপায় “দুই পা’ হারালেন গৃহবধূ

বগুড়ার শেরপুরে বেপরোয়া একটি মালবাহী ট্রাকের চাপায় আহত হন গৃহবধূ। দুর্ঘটনার কারণে তার দুই পা কেটে ফেলতে হয়েছে।
আহত মোছা. শিউলী আক্তার (৪০) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বিরইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন জানান, শিউলী আক্তার সাংসারিক দরকারি কেনাকাটার জন্য ছোনকা বাজারে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত গৃহবধূ শিউলী আক্তারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা অপারেশন করে ওই গৃহবধূর দুই পা কেটে ফেলেন। এরপরও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ট্রাকটি সনাক্ত করে চালক-হেলপারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এসএ



