বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, নিহত এক

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় পিছন থেকে আসা আরেকটি ট্রাক। এতে নিহত হয়েছেন দাঁড়িয়ে থাকা ট্রাকটির হেলপার।
নিহত হেলপার আলমগীর হোসেন (৩০) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকে চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানান, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক দিনাজপুরে দিকে যাবার পথে শেরপুর আসলে ট্রাকটির পেছনের একটি চাকা নষ্ট হয়ে যায়। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা ঠিক করছিলেন নিহত আলমগীর।
এ সময় ঠাকুরগাঁওগামী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বানী-উল-আলম জানান, এ ঘটনায় ধাক্কা দেয়া ট্রাকের চালক সুমন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ আমাদের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেইসাথে এই বিষয়ে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।
এসএ




