বগুড়ায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রতারক প্রেমিক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
প্রতারক প্রেমিক নাহিদ হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
বুধবার দুপুরে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছর আগে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদার গ্রামের আহম্মদ আলীর মেয়ের (২২) সঙ্গে পাশের মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া গ্রামের নাহিদ হাসানের পরিচয় ঘটে। একপর্যায়ে তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরবর্তীতে প্রতারক প্রেমিক নাহিদ বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ৫এপ্রিল তার বাড়িতে নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
এরপরই বিয়ের কথা বললে শুরু হয় নাহিদের তালবাহানা। বিয়ের জন্য বিভিন্ন প্রকার চাপ দেয়া হলেও রাজী না হওয়ায় অবশেষে ওই প্রতারক প্রেমিকের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হয়েছে। সেইসঙ্গে মামলায় অভিযুক্ত নাহিদ হাসানকে গ্রেপ্তার করে বুধবার বিকেলেই বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ




